ব্যাংক লুটেরাদের দেশে ফিরিয়ে ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপির

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১০:৩১ পিএম

দেশের ব্যাংক থেকে অর্থ লুটকারীদের বিদেশে যেখানেই থাকুক না কেন, দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। একই সঙ্গে তিনি তাদের কাছ থেকে লুট করা অর্থ আদায়ে ‘ডিম থেরাপি’ প্রয়োগের কথাও উল্লেখ করেন।

বুধবার (৮ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের একুশতম কার্যদিবসে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান। এ সময় কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

রেহানা আক্তার রানু বলেন, গ্রাহকের অর্থ আত্মসাৎকারীদের কোনোভাবেই ক্ষমা করা উচিত নয়। যারা ব্যাংক লুট করেছে, তারা পৃথিবীর যেখানেই থাকুক, তাদের দেশে ফিরিয়ে এনে ‘ডিম থেরাপি’ দিয়ে লুট করা অর্থ আদায় করতে হবে।

তিনি বলেন, কয়েকটি ব্যাংকে অনিয়ম, দুর্নীতি ও মালিকপক্ষের অর্থপাচারের কারণে আজ লাখো আমানতকারী নিজেদের জমা অর্থ তুলতে পারছেন না। এই অর্থ মানুষের বিলাসিতার জন্য নয়, বরং একজন বাবার মেয়ের বিয়ের সঞ্চয়, একজন মায়ের চিকিৎসার শেষ সম্বল, একজন শিক্ষার্থীর পড়াশোনার ব্যয়, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসা টিকিয়ে রাখার মূলধন এবং বহু মানুষের সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয়।

 

সংসদ সদস্য আরও বলেন, মানুষ ব্যাংককে আস্থার স্থান মনে করেই তাদের অর্থ সেখানে জমা রাখে। সেই আস্থা নষ্ট হলে মানুষ ব্যাংকে অর্থ রাখতে নিরুৎসাহিত হবে। এর ফলে বিনিয়োগ কমে যাবে, অর্থের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি গভীর সংকটের মুখে পড়তে পারে।

Advertisement

Link copied!