প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রশিক্ষণের পাশাপাশি ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, দেশের সরকারি ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে বিদ্যালয়ের পোশাক ও স্কুলব্যাগ বিতরণ করা হবে।
তিনি বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণ হলেও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
কৃষি খাতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কৃষিভিত্তিক শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা হবে। একই সঙ্গে প্রচলিত কৃষি পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের আমলে সংঘটিত শেয়ারবাজার অনিয়মে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের ধারাবাহিক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরে আসছে।
আপনার মতামত লিখুন :