খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে: ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০৭:১৬ পিএম

অবৈধ দখলে থাকা সরকারি খাসজমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন মানুষের মধ্যে বিতরণে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ভূমিদস্যুমুক্ত খাসজমি নিশ্চিত করে দরিদ্র ও ভূমিহীন পরিবারের পুনর্বাসনে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে খাসজমি উদ্ধারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের উত্থাপিত জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে কোনো এলাকায় বসবাসরত দরিদ্র পরিবারগুলোর মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি খাসজমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা পর্যন্ত জমি দেওয়ার বিষয়ও বিবেচনা করা হবে।

তিনি বলেন, অতীতে দায়িত্বে থাকা কিছু কর্মকর্তার গাফিলতি এবং স্থানীয় ভূমিদস্যুদের অবৈধ দখলের কারণে বিপুল পরিমাণ সরকারি জমি বেহাত হয়েছে। বর্তমান সরকার সেই জমিগুলো উদ্ধার করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণের জন্য কাজ করছে।

ভূমিমন্ত্রী আরও জানান, মাঠপর্যায়ে খাসজমি উদ্ধারে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি জমি দখলমুক্ত করা এবং প্রকৃত ভূমিহীন মানুষের মধ্যে স্বচ্ছ ও ন্যায্যভাবে জমি বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

 
 

Advertisement

Link copied!