জুতার কারখানায় ভয়াবহ আগুনে নিহত ২৮

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১০:০০ পিএম

চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে হুইতেং শুজ নামের ওই জুতার কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভবনের ভেতরে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঘটনাটিকে বড় ধরনের প্রাণহানির ঘটনা উল্লেখ করে দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনটির ভেতরে ও বাইরে দমকলকর্মীরা পানির পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। নিচতলায় আগুন ছড়িয়ে পড়ায় কয়েকজনকে জানালা ও ছাদে আশ্রয় নিতে দেখা গেছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযানে ১৮৩ জন দমকলকর্মী ও উদ্ধারকারী এবং ৩৫টি উদ্ধারযান মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হবে। তদন্ত শেষে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!