জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুরুতে সম্মেলন কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে বাইরে গিয়ে নিজ হাতে গাছের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। এরপর ফিতা কেটে বৃক্ষমেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ুর বিরূপ প্রভাব কমাতে ব্যাপক হারে বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথাও জানানো হয়।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :