২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬২ কোটি টাকার বেশি পুরস্কার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ১১:৫৪ এএম

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬২ কোটি টাকার বেশি পুরস্কার

ফাইল ফটো

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপে পুরস্কারের অর্থের অঙ্কে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। দল ও ম্যাচের সংখ্যা বাড়ার কারণে এবারের বিশ্বকাপের মোট পুরস্কারের অর্থও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

২০২৬ বিশ্বকাপের জন্য ফিফা মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ও সহায়তা হিসেবে বরাদ্দ করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭৪৬ কোটি টাকা। ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় এই অর্থ প্রায় ৬৫ শতাংশ বেশি।

মোট বরাদ্দের মধ্যে ৬৫৫ মিলিয়ন ডলার দেওয়া হবে দলগুলোর মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে। আর বাকি ২১৬ মিলিয়ন ডলার ব্যয় হবে দলগুলোর প্রস্তুতি, ভ্রমণ ও অন্যান্য লজিস্টিক সহায়তায়।

বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই নিশ্চিতভাবে পাবে ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার। এর মধ্যে ১০ মিলিয়ন ডলার দেওয়া হবে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য এবং ২ দশমিক ৫ মিলিয়ন ডলার দেওয়া হবে ভ্রমণ ও প্রস্তুতি খরচ হিসেবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পারফরম্যান্স পুরস্কার হিসেবে পাবে আরও ৫০ মিলিয়ন ডলার। ফলে প্রস্তুতি সহায়তাসহ তাদের মোট আয় দাঁড়াবে ৬২ দশমিক ৫ মিলিয়ন ডলার।

ফাইনালে হেরে যাওয়া দল পাবে ৩৩ মিলিয়ন ডলার পারফরম্যান্স পুরস্কার। প্রস্তুতি সহায়তা যোগ করলে তাদের মোট প্রাপ্তি হবে ৪৫ দশমিক ৫ মিলিয়ন ডলার।

তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২৭ মিলিয়ন ডলার। প্রস্তুতি সহায়তা যুক্ত হলে তাদের মোট প্রাপ্তি হবে যথাক্রমে ৪১ দশমিক ৫ মিলিয়ন ও ৩৯ দশমিক ৫ মিলিয়ন ডলার।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল পাবে ১৯ মিলিয়ন ডলার অতিরিক্ত পুরস্কার। সব মিলিয়ে প্রতিটি দল পাবে ৩১ দশমিক ৫ মিলিয়ন ডলার।

শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দল পাবে ১৫ মিলিয়ন ডলার অতিরিক্ত পুরস্কারসহ মোট ২৭ দশমিক ৫ মিলিয়ন ডলার।

শেষ ষোলোতে উঠতে না পারা ১৬টি দল পাবে ১১ মিলিয়ন ডলার অতিরিক্ত পুরস্কারসহ মোট ২৩ দশমিক ৫ মিলিয়ন ডলার।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া ১৬টি দল পাবে ৯ মিলিয়ন ডলার অতিরিক্ত অর্থসহ মোট ২১ দশমিক ৫ মিলিয়ন ডলার।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের এই অর্থ সরাসরি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় না। সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের তহবিলে অর্থ জমা হয়। পরে সাধারণত সেখান থেকে একটি অংশ খেলোয়াড়দের বোনাস হিসেবে দেওয়া হয়।

Link copied!