ঝালকাঠির নলছিটিতে ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে এক তরুণকে ঘুষি মেরে নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত তরুণ ব্রাজিল ফুটবল দলের সমর্থক, আর অভিযুক্ত ব্যক্তি আর্জেন্টিনা দলের সমর্থক বলে জানা গেছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসিবুল ইসলাম (২০) উপজেলার বারইকরন গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।
পরিবারের সদস্যদের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পাশের সরই গ্রামের আক্কেল আলী মোল্লার নাতি শুভ হোসেন হাসিবুল ইসলামকে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তার নাকে মারাত্মক আঘাত লাগে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠান।
পরিবারের দাবি, চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, হাসিবুল ইসলামের নাকের হাড় ভেঙে গেছে। এ ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, অভিযুক্ত শুভ হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাদের দাবি, অতীতেও বিভিন্ন সময়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ ও মারধরের ঘটনায় পরিবারের সদস্যদের নাম উঠে এসেছে।
এ ছাড়া, শুভ হোসেনের বিরুদ্ধে স্থানীয়ভাবে মাদকসেবনের অভিযোগও করেছেন কয়েকজন বাসিন্দা। তবে এসব অভিযোগ অস্বীকার করে শুভ হোসেন বলেন, তার সঙ্গে শুধু কথা-কাটাকাটি হয়েছে, কোনো মারামারির ঘটনা ঘটেনি। এ বিষয়ে তার পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জান বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আহত ব্যক্তিকে আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :