ফিফার দীর্ঘদিনের প্রথা ভেঙে বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন ট্রাম্প

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৯:৫৬ এএম

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে ট্রফি প্রদান অনুষ্ঠান নিয়ে। দীর্ঘদিনের প্রচলিত রীতি থেকে সরে এসে এবার বিজয়ী দলের অধিনায়কের হাতে বিশ্বকাপের ট্রফি যৌথভাবে তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক আগে থেকেই আলোচনায় রয়েছে। বিশ্বকাপ আয়োজনের বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে। এবার সেই সম্পর্কেরই নতুন প্রতিফলন দেখা যাবে ট্রফি বিতরণ অনুষ্ঠানে।

ফিফা সভাপতির ভাষ্য অনুযায়ী, আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিতে ট্রাম্প তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত থাকবেন। এর মাধ্যমে ফিফার বহু বছরের একটি প্রথার পরিবর্তন ঘটতে যাচ্ছে।

সাম্প্রতিক বিশ্বকাপগুলোর দিকে তাকালে দেখা যায়, ২০১৮ সালে রাশিয়া এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন শুধু ফিফা সভাপতি। এবার সেই ধারার ব্যতিক্রম ঘটছে।

এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ফাইনাল উপভোগ করার পাশাপাশি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার সময়ও তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে থাকবেন।

এ সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে নানা মহলে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির শিরোপা জয়ের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে বিষয়টি আরও বেশি নজরে এসেছে।

নিউজার্সিতে অনুষ্ঠিত সেই ম্যাচে প্যারিস সাঁ জার্মাঁকে হারিয়ে শিরোপা জয়ের পর চেলসি অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেন ট্রাম্প। তবে ট্রফি গ্রহণের পরও তিনি মঞ্চে অবস্থান করায় উদযাপনের মুহূর্তে খেলোয়াড়দের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা দেয়।

সাধারণত বিশ্বকাপ ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দেন ফিফা সভাপতি। বর্তমান সভাপতি ইনফান্তিনোর আগে একই দায়িত্ব পালন করেছেন সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার।

তবে ইতিহাসে এর ব্যতিক্রমও রয়েছে। ১৯৮২ সালে ইতালির অধিনায়ক দিনো জোফের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েছিলেন স্পেনের রাজা হুয়ান কার্লোস। আর ১৯৬৬ সালে ইংল্যান্ডের অধিনায়ক ববি মুরের হাতে ট্রফি তুলে দেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

Link copied!