বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু হয়েছিল ১৯৩০ সালে। কিন্তু বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিতে দেখা যায় আরও পুরোনো একটি সাল— ‘১৮৯৩’। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে, বিশ্বকাপেরও বহু বছর আগেের এই সালটির গুরুত্ব কী?
আসলে জার্সিতে থাকা ‘১৮৯৩’ কোনো রহস্যময় সংখ্যা নয়; এটি আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রতিষ্ঠাবর্ষ। দেশের ফুটবল ঐতিহ্য, শেকড় এবং দীর্ঘ ইতিহাসকে সম্মান জানাতেই জার্সিতে এই সালটি ব্যবহার করা হয়।
আর্জেন্টিনায় প্রাতিষ্ঠানিক ফুটবলের ভিত্তি গড়ে ওঠে স্কটিশ শিক্ষাবিদ ও ক্রীড়ানুরাগী আলেকজান্ডার ওয়াটসন হাটনের উদ্যোগে। ১৮৯৩ সালে তিনি দেশটির প্রথম ফুটবল সংগঠন প্রতিষ্ঠা করেন। আর্জেন্টিনার ফুটবল বিকাশে তাঁর অসামান্য অবদানের কারণে তাঁকে আজও ‘আর্জেন্টাইন ফুটবলের জনক’ হিসেবে স্মরণ করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ইউরোপের বাইরে এটিই ছিল বিশ্বের প্রথম ফুটবল সংগঠন।
ফুটবলকে জনপ্রিয় করে তুলতে হাটন একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি ‘অ্যালামনাই’ নামে একটি ফুটবল দলও গড়ে তোলেন। দলটি সে সময়ের ফুটবলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। ১৯১১ সালে কার্যক্রম বন্ধ হওয়ার আগে তারা রেকর্ডসংখ্যক ২২টি শিরোপা জিতেছিল, যা আজও আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।
তাই আর্জেন্টিনার জার্সিতে লেখা ‘১৮৯৩’ কেবল একটি সাল নয়। এটি দেশটির ফুটবল ঐতিহ্য, গৌরবময় অতীত এবং শেকড়ের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক, যা প্রতিবার মাঠে নামার সময় আকাশি-সাদা জার্সিধারীদের ইতিহাসের সঙ্গে নতুন করে যুক্ত করে।
আপনার মতামত লিখুন :