অধীনস্থ ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে মারার মন্তব্যের জেরে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১০:৪৪ এএম

তথ্য ফাঁস হলে অধীনস্থ এক ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে মারার মতো মন্তব্য করায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২০ জুন) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে তাকে খুলনা থেকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ২১ জুন তাকে ঢাকায় রিপোর্ট করতে বলা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম খান বিপিএম (সেবা) ও পিপিএম (বার) পদকপ্রাপ্ত। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে ছিলেন।

এর আগে ১৭ জুন খুলনার লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘটনার সূত্রপাত ঘটে। সেখানে স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশে দেওয়া গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে এবং কিছু অসাধু সদস্য তা অপরাধীদের কাছে পৌঁছে দিচ্ছে।

উপস্থিত জনতাকে আশ্বস্ত করতে গিয়ে তিনি বিতর্কিত ওই মন্তব্য করেন। প্রায় ২৫ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কোনো তথ্য ইন্সপেক্টরকে দেওয়ার পর যদি তা ফাঁস হয়, তবে সেই ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে মারার কথা।

একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনও বিষয়টি নিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে আনুষ্ঠানিক বিবৃতি দেয়।

 

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাকে খুলনা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Link copied!