যুক্তরাষ্ট্রের মাটিতেই দাপট দেখালো ইরান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০১:০৮ পিএম

বিশ্বকাপের মঞ্চে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পা রাখার আগেই নানা অনিশ্চয়তা ও ভিসা জটিলতার মুখোমুখি হয়েছিল ইরান। তবে সব বাধা অতিক্রম করে মাঠে নেমে নিজেদের লড়াকু মানসিকতারই প্রমাণ দিল ইসলামি প্রজাতন্ত্রটি। দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের রোমাঞ্চকর ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।

মঙ্গলবার (১৬ জুন) লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন এলিজা জাস্ট। অন্যদিকে ইরানের হয়ে সমতাসূচক দুটি গোল করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।

শুরু থেকেই ম্যাচে ছিল উত্তেজনার ছাপ। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইরান। তারা প্রতিপক্ষের গোলমুখে ১৭টি আক্রমণ চালায়, যেখানে নিউজিল্যান্ডের আক্রমণ ছিল ১৩টি। তবে লক্ষ্যে শটের ক্ষেত্রে এগিয়ে ছিল কিউইরা। ইরান অন-টার্গেটে ৪টি শট রাখতে পারলেও নিউজিল্যান্ড রাখে ৮টি।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। অধিনায়ক ক্রিস উড ও সারপ্রিত সিংয়ের দারুণ সমন্বয়ে বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে গোল করেন এলিজা জাস্ট। তার গোলে ১-০ ব্যবধানে লিড নেয় নিউজিল্যান্ড।

প্রথম দিকে পিছিয়ে পড়লেও ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ইরান। ৩২তম মিনিটে সালমান গহদ্দোসের তৈরি করা আক্রমণ থেকে সমতায় ফেরে তারা। শাহরিয়ারের শট প্রতিহত হলেও ফিরতি বলে রামিন রেজাইয়ান নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ইরান আরও একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৫৪তম মিনিটে ক্রিস উডের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এলিজা জাস্ট। তার গোলে ২-১ ব্যবধানে লিড পায় কিউইরা।

তবে ইরানও হাল ছাড়েনি। মাত্র ১০ মিনিট পরই ম্যাচে ফের সমতা আনে তারা। ৬৪তম মিনিটে রামিন রেজাইয়ানের দারুণ ক্রসে বক্সের ভেতরে উড়ে এসে হেডে বল জালে জড়ান মোহাম্মদ মোহেবি। পোস্টে লেগে বল জালে প্রবেশ করলে উল্লাসে ফেটে পড়েন গ্যালারিতে উপস্থিত ইরানি সমর্থকরা।

শেষ দিকে জয়ের জন্য দুই দলই মরিয়া চেষ্টা চালায়। একাধিক সুযোগ তৈরি হলেও আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতাতেই শেষ হয় ম্যাচটি।

আগামী ২২ জুন নিজেদের পরবর্তী ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। একই দিনে নিউজিল্যান্ড খেলবে মিশরের বিপক্ষে।

Link copied!