ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারের খেলা নিয়ে জল্পনার অবসান ঘটালেন কোচ কার্লো আনচেলত্তি। তার সর্বশেষ মন্তব্যে স্পষ্ট হয়েছে, মরক্কোর বিপক্ষে সেলেসাওদের উদ্বোধনী ম্যাচে এই ব্রাজিলিয়ান তারকাকে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এখনো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি তিনি।
বিশ্বকাপ অভিযান শুরুর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন।
ইতালিয়ান এই কোচ বলেন, “নেইমার যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য অনেক পরিশ্রম করছে।” তবে তিনি স্বীকার করেন, চলতি সপ্তাহে তার পুরো দলের সঙ্গে অনুশীলনে ফেরার সম্ভাবনা নেই। যদিও শুরুতে ধারণা করা হয়েছিল এই সপ্তাহেই তিনি অনুশীলনে যোগ দেবেন, এখন সেই পরিকল্পনা পিছিয়ে আগামী সপ্তাহে নেওয়া হয়েছে।
গত ১৭ মে ডান পায়ে গ্রেড-টু ইনজুরিতে পড়েন সান্তোস ফরোয়ার্ড নেইমার। এরপর থেকেই মাঠের বাইরে থেকে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পুরো সপ্তাহজুড়ে তিনি শুধুমাত্র জিমে অনুশীলন করেছেন, দলের সঙ্গে মাঠে নামেননি।
ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তার অনুপস্থিতি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
তবে মাঠে খেলতে না পারলেও দলের জন্য নেইমারের গুরুত্ব কমছে না। আনচেলত্তির মতে, তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব দলের তরুণ ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা।
এ প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, “নেইমারকে দলে রাখার ক্ষেত্রে শুধু তার ফুটবলীয় গুণ নয়, বরং তার অভিজ্ঞতা এবং তরুণদের সামনে তিনি যে উদাহরণ তৈরি করতে পারেন, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।”
যদিও মরক্কোর বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা নেই, তবুও ব্রাজিল শিবির আশাবাদী যে দ্বিতীয় গ্রুপ ম্যাচে তিনি মাঠে ফিরতে পারবেন। আগামী ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচেই ৩৪ বছর বয়সী এই তারকার বিশ্বকাপ অভিষেক হতে পারে।
আপনার মতামত লিখুন :