মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

মোঃ ইশতিয়াক আহমেদ , মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৭:৫১ পিএম

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। ফুটবলপ্রেমীরা নিজ নিজ প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে নানা আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় মোংলায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও উন্মাদনা প্রকাশ করতে দলটির ভক্ত ও সমর্থকদের উদ্যোগে এক উৎসবমুখর আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টায় মোংলা পৌর মার্কেট চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা প্রিয় দল ও খেলোয়াড়দের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকেরা আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরিধান করে এবং আর্জেন্টিনা দলের পতাকা নিয়ে উপস্থিত হন। এ সময় শহর জুড়ে ভক্তদের চিরচেনা স্লোগান ও উল্লাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আর্জেন্টাইন সমর্থক সাংবাদিক বিএম ওয়াসিম আরমান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ছোটোবেলা থেকেই আর্জেন্টিনাকে মনে-প্রাণে সমর্থন করি। দলের প্রথম ম্যাচের জয়-পরাজয় দিয়ে আমাদের ভালোবাসা পরিমাপ করা যায় না।

আর্জেন্টিনার ফুটবল এক ধরনের শিল্প। মেসি ও ম্যারাডোনার নান্দনিক ফুটবল বিশ্বজুড়ে কোটি ভক্ত তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমরা বন্ধুত্ব ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চাই। আশা করি এবার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স টেনে আরেক সমর্থক রাসেল বলেন, মরক্কোর সাথে ব্রাজিলের আজকের এই শোভাযাত্রার আনন্দ আমাদের মাঝে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাজিলের হেক্সা মিশন দিন দিন তলানির দিকেই যাবে। আর এটাই আমরা আজকে বেশি করে উদ্‌যাপন করব।

প্রসঙ্গত, আগামী ১৭ই জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 

Link copied!