পিচের সুরক্ষিত অংশে দৌড়ানোয় ভারতকে ১০ রান জরিমানা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০৫:২৫ পিএম

ক্রিকেট মাঠে বিরল এক ঘটনার সাক্ষী হলো শ্রীলঙ্কার ডাম্বুলা। পিচের সুরক্ষিত অংশে বারবার দৌড়ানোর কারণে ভারত ‘এ’ দলকে ১০ রান জরিমানা করেছে ম্যাচ কর্মকর্তারা। ফলে ইনিংস শুরু করার আগেই অতিরিক্ত ১০ রান যোগ হয়ে যায় শ্রীলঙ্কা ‘এ’ দলের স্কোরে।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে প্রথমে ব্যাটিং করা ভারত ‘এ’ দলের খেলোয়াড়রা একাধিকবার পিচের সুরক্ষিত অংশ ব্যবহার করে দৌড়ান। বিষয়টি আমলে নিয়ে আম্পায়াররা তাদের সতর্ক করেন। কিন্তু সতর্কবার্তার পরও একই ধরনের ঘটনা ঘটতে থাকলে আইসিসির প্রচলিত নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর ফল হিসেবে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দলকে ১০ পেনাল্টি রান দেওয়া হয়। ক্রিকেটে এ ধরনের শাস্তি খুব বেশি দেখা যায় না, তাই ঘটনাটি বিশেষভাবে আলোচনায় এসেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, পিচের সুরক্ষিত অংশের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হলে আম্পায়াররা প্রথমে সংশ্লিষ্ট দলকে সতর্ক করেন। এরপরও নিয়ম লঙ্ঘন অব্যাহত থাকলে প্রতিপক্ষ দলকে ৫ বা তার বেশি পেনাল্টি রান দেওয়া যেতে পারে।

ক্রিকেটে পিচের সুরক্ষিত অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশ ক্ষতিগ্রস্ত হলে বলের বাউন্স, গতি ও টার্নে প্রভাব পড়তে পারে, যা ম্যাচের ভারসাম্য নষ্ট করার ঝুঁকি তৈরি করে। সে কারণেই খেলোয়াড়দের ওই অংশে অপ্রয়োজনীয়ভাবে দৌড়ানো থেকে বিরত থাকতে বলা হয়।

ম্যাচে আগে ব্যাটিং করে ভারত ‘এ’ দল ২৬৫ রানে অলআউট হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দল। সিরিজের অপর দল আফগানিস্তান ‘এ’।

Link copied!