চিঠি রেখে যুক্তরাষ্ট্র ত্যাগ ইরান ফুটবল দলের, কী লেখা তাতে?

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০১:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সোফি স্টেডিয়ামে ম্যাচ শেষ করেই ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে ইরান ফুটবল দল। মার্কিন কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী খেলা শেষে দ্রুত দেশ ছাড়তে হওয়ায় তারা পরবর্তী গন্তব্য মেক্সিকোর উদ্দেশে রওনা দেয়। তবে যাওয়ার আগে ভেন্যু কর্তৃপক্ষ ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই বার্তাটি রেখে যায় দলটি।

চিঠিতে ইরানের দীর্ঘ ইতিহাস ও পরিচয় তুলে ধরে বলা হয়, প্রাচীন পারস্য থেকে আধুনিক ইরান পর্যন্ত দেশের চেতনা আজও অটুট এবং জীবন্ত। লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে তারা উল্লেখ করে, গর্ব ও সম্মানের সঙ্গে তারা সেখানে এসেছে, মাঠে লড়াই করেছে এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছে।

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে চিঠিতে বলা হয়, ১৮০ মিনিট ধরে হৃদয়, কণ্ঠ ও প্রাণ দিয়ে যারা দলকে সমর্থন দিয়েছে, তাদের প্রতি ধন্যবাদ। একই সঙ্গে বিভিন্ন দেশের মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।

 

চিঠিতে লাল কালিতে “৭৬৮” এবং “মিনাব” শব্দ দুটি লেখা ছিল, যা অতীতের একটি ঘটনার স্মৃতির ইঙ্গিত হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে একই দিনে বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ড্র করে ইরান টুর্নামেন্টে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা ধরে রাখে।

Link copied!