গাজীপুর মহানগরীর পূবাইল থানায় পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানী বেগম (৪৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে পূবাইল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে পূবাইল থানার এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত মোবাইল টহল ও বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার তালটিয়া এলাকার হারেজ আলী স্কুলের পেছনের পাকা সড়কে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে রাখা অবস্থায় রানী বেগমকে আটক করা হয়। নারী পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রানী বেগমের স্থায়ী বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া পূর্বপাড়া (সরকার বাড়ি) এলাকায়। বর্তমানে তিনি পূবাইল থানার বসুগাঁও এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পূবাইল থানায় মামলা রুজু করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে পূবাইল থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। কোনো মাদক ব্যবসায়ীর জন্যই ছাড় নেই। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদক কেনাবেচার তথ্য পেলে জনগণকে দ্রুত পুলিশকে জানাতে আহ্বান জানাই।
সচেতন মহলের মতে, মাদকের ভয়াবহ বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। পুলিশের ধারাবাহিক অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়লে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়ন আরও সহজ হবে।

আপনার মতামত লিখুন :