মাদকমুক্ত সমাজ গঠনে কালিয়াকৈরে শ্রমিকদের র‍্যালি ও সমাবেশ

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৬:০১ পিএম

মাদকমুক্ত সমাজ গঠনে কালিয়াকৈরে শ্রমিকদের র‍্যালি ও সমাবেশ

মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলা সদর বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান। তিনি বলেন, মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য একটি মারাত্মক ব্যাধি। এর ভয়াল ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকদের মাদকমুক্ত থেকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, মাদক নির্মূলে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন সমন্বিতভাবে কাজ করলে মাদকের বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

এ সময় আরও বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইন, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ভিপি আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহিম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হযরত আলী মিলন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মিনার উদ্দিন এবং গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মো. জসীম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা মাদককে ‘না’ বলার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে পরিবহন শ্রমিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ অংশ নেন।

সিয়াম সরিষা
Link copied!