মান্দায় সামাজিক বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি

মোঃ রায়হান আলী , মান্দা (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৬:০৩ পিএম

মান্দায় সামাজিক বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি

মান্দায় স্বচ্ছতার ভিত্তিতে উন্মুক্ত নিলামের মাধ্যমে চুক্তিপত্র অনুযায়ী সামাজিক বনায়নের গাছ কর্তন করা হয়েছে। ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দারিয়াপুর এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ২০০৫ সালে ১২ বছরের জন্য চুক্তিভিত্তিক প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মণ্ডলপাড়া, খাঁপাড়া ও প্রামাণিক পাড়া পর্যন্ত সরকারি গ্রামীণ সড়কে সামাজিক বনায়নের আওতায় আম এবং ইউক্যালিপটাস গাছ রোপণ করা হয়। চুক্তি অনুযায়ী গাছ কর্তনের মেয়াদ শেষ হয় ২০১৭ সালে।

এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সুফলভোগীদের যৌথ উদ্যোগে গত ৪ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১২ জুলাই প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার ২১ জন গাছ ব্যবসায়ী অংশ নেন। সর্বোচ্চ ৯ লাখ ৭০ হাজার টাকায় গাছগুলো কেনেন স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদ।

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, এফডব্লিউএডির চেয়ারম্যান কে এম লুৎফর রহমান খান, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গ্রামপুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সে অনুযায়ী ঠিকাদার গাছ কর্তন শুরু করেন।

এরপর থেকে এলাকার একটি কুচক্রী মহল ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতা-নেত্রী এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের ভিত্তিহীন তথ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করে যাচ্ছেন বলে অভিযোগ করেন ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম লুৎফর রহমান খান।

এ বিষয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম বলেন, "যেখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। কোনো ধরনের দলীয় প্রভাব খাটিয়ে নয়, সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করেই নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকেও অবহিত করা হয়েছে। একটি চক্র রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"

এ ব্যাপারে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল জানান, "২০০৫ সালে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ চুক্তিভিত্তিক যৌথ উদ্যোগে ১২ বছর মেয়াদি গাছগুলো রোপণ করা হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার কারণে সেগুলো চুক্তিপত্রের নীতিমালা অনুসরণ করে ইউনিয়ন পরিষদ, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সুবিধাভোগীদের সমন্বয়ে সামাজিক বনায়নে গাছগুলো বিক্রয় করা হয়েছে। নীতিমালা অনুসরণ করে গাছ কাটার পরেও একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, "যেহেতু রাস্তাটি ইউনিয়ন পরিষদের আওতাধীন। তৎকালীন সময়ে ইউনিয়ন পরিষদের আয় বৃদ্ধির জন্য ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংস্থার যৌথ উদ্যোগে চুক্তিবদ্ধ হয়ে সামাজিক বনায়নের আওতায় বৃক্ষরোপণ করা হয়েছিল। সেই চুক্তিপত্র অনুযায়ী তাঁরা গাছ কর্তন করেছেন বলে আমাকে জানানো হয়েছে।"

সিয়াম সরিষা
Link copied!