নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

মোমরেজ আলম , নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৭:৪২ পিএম

নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ফাইল ফটো

শনিবার (১৮ জুলাই) ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। অপরাধ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, নগরকান্দা-সলথার উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা, সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল এবং উন্নয়নমুখী সমাজ গড়ে তোলাই সবার সম্মিলিত লক্ষ্য।

সভা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাসুদের বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পরে সড়ক দুর্ঘটনায় নিহত ফুলসুতি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের নিকটাত্মীয় মাহিম ও রাফিজুলের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!