দিনাজপুরের কাহারোল উপজেলায় তরুণ-তরুণীদের মধ্যে ডিজিটাল সচেতনতা, তথ্য যাচাই-বাছাই এবং দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে FREED প্রকল্পের আওতায় "সম্প্রদায়-ভিত্তিক মিডিয়া এবং ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ" অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ৪নং তারগাও ইউনিয়নের পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে FREED প্রকল্পের তৃতীয় ব্যাচের মোট ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ডিজিটাল মিডিয়া লিটারেসি, তথ্য যাচাই-বাছাই (ফ্যাক্ট-চেকিং), দায়িত্বশীল অনলাইন আচরণ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, মত প্রকাশের স্বাধীনতা, মিডিয়া সাক্ষরতা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের ভুয়া তথ্য ও গুজব শনাক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার এবং অনলাইনে সচেতন নাগরিক হিসেবে ভূমিকা পালনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেন।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তরুণদের মধ্যে তথ্যভিত্তিক চিন্তাভাবনা, সহনশীলতা, ডিজিটাল নিরাপত্তা এবং দায়িত্বশীল নাগরিকত্বের চর্চা বৃদ্ধি করা, যাতে তারা নিজেদের পাশাপাশি সমাজকেও ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের পরিবার, বন্ধু-বান্ধব ও স্থানীয় সম্প্রদায়ের মাঝে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সময়োপযোগী ও কার্যকর এ উদ্যোগ গ্রহণের জন্য Eco-Social Development Organization (ESDO) এবং FREED প্রকল্পের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :