ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটোয়ারী বলেছেন, জনগণের রায়ের ভিত্তিতে গণভোটে গৃহীত সংস্কার প্রস্তাব কোনো রাজনৈতিক দল বা সরকার বাস্তবায়ন না করলে জনগণই তাদের ক্ষমতাচ্যুত করবে। তিনি বলেন, "গণভোটের রায় মেনে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না করলে তারেক রহমানকে ক্ষমতাচ্যুত করা হবে।"
রোববার বিকেলে তারাকান্দা স্কুল রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তারাকান্দা উপজেলা শাখার আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরউদ্দিন পাটোয়ারী বলেন, রাষ্ট্র সংস্কার এখন সময়ের দাবি। জনগণের মতামতের ভিত্তিতে গণভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত হবে, তা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না। জনগণের রায়ের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল নয় বলেও তিনি মন্তব্য করেন।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম বলেন, "নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি, দখলদারত্ব ও দলীয়করণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তরুণদের নেতৃত্বেই রাষ্ট্র সংস্কারের আন্দোলন সফল হবে।"
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মোজাহিদ বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে এনসিপি কাজ করছে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে জনগণই।"
তারাকান্দা উপজেলা এনসিপির সমন্বয়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় জেলা ও উপজেলা এনসিপি, যুবশক্তি এবং ছাত্রশক্তির নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :