চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২০ জুলাই ২০২৬ বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনির কে-ব্লকে উর্মিলা আক্তার (উর্মি) নামে এক নারীর বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ৩টি নেকলেস, ৩টি চেইন, ১টি ব্রেসলেট, ২টি চুড়ি, ৬ জোড়া কানের দুল, ৮টি আংটিসহ প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আকবরশাহ থানায় পেনাল কোডের ৪৫৪/৩৮০/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে সিএমপির পুলিশ কমিশনারের নির্দেশনায় আকবরশাহ থানার একাধিক আভিযানিক দল ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
গত ২৭ জুলাই পাহাড়তলী থানার নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত মাহে আলম ওরফে শাহ আলম ওরফে বেলাল (৩০) এবং মনির হোসেন (২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি নেকলেস, ৩টি চেইন, ২টি চুড়ি, ৩ জোড়া কানের দুল ও ২টি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণালংকার আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এদিকে, গ্রেপ্তার হওয়া মাহে আলমের বিরুদ্ধে চুরি ও মাদক আইনে মোট ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :