মোহাম্মদ আইয়ুব , মাতামুহুরী: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৫৮টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৩০ হাজার চারা বিতরণ ও রোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আয়োজন করে চকরিয়া উপজেলা ছাত্রদল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলওয়ার। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিন, চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলওয়ার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার সঠিক পরিচর্যার মাধ্যমে তাকে বড় করে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোগিতা করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় চকরিয়া উপজেলার ৫৮টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় মোট ৩০ হাজার চারা বিতরণ ও রোপণ করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও পরিবেশবান্ধব চকরিয়া গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :