কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মনির হোসেন , কালিহাতী(টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬, ০৭:২৮ পিএম

কালিহাতীতে ১৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ফাইল ফটো

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হয়েছে।সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী উপজেলার চারান বাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারান বাজার এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। দিনব্যাপী এই অভিযানে মোট ১২ হাজার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল এবং ২ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মোট ১৫ হাজার ১০০ মিটার নিষিদ্ধ এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

​অভিযান শেষে জব্দকৃত সমস্ত জাল উপজেলা পরিষদ চত্বরে এনে সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার জানান, ক্ষতিকারক চায়না দুয়ারী ও কারেন্ট জাল দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ ধরে ফেলার ফলে দেশীয় মৎস্য সম্পদ চরম হুমকির মুখে পড়ছে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অব্যাহত থাকবে এবং নিয়মিত অভিযান পরিচালিত হবে।

​মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন, মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

সিয়াম সরিষা
Link copied!