চুনারুঘাটে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে স্প্রে ম্যানদের প্রশিক্ষণ, বিতরণ করা হলো আধুনিক স্প্রেয়ার ও পিপিই

নোমান মিয়া , চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬, ০৭:৫৬ পিএম

চুনারুঘাটে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে স্প্রে ম্যানদের প্রশিক্ষণ, বিতরণ করা হলো আধুনিক স্প্রেয়ার ও পিপিই

ফাইল ফটো

বালাইনাশক ব্যবহারে সচেতন হোন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পেশাদার স্প্রে ম্যানদের জন্য এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনতেফার সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুনারুঘাট উপজেলা এ কর্মশালার আয়োজন করে।প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৩০ জন পেশাদার স্প্রে ম্যান অংশগ্রহণ করেন। তাদের মাঝে আধুনিক ব্যাটারিচালিত স্প্রেয়ার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) হিসেবে মাস্ক, সুরক্ষা চশমা, গ্লাভস ও পোলো শার্ট বিতরণ করা হয়।

কর্মশালায় বালাইনাশকের নিরাপদ ও সঠিক ব্যবহার, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দায়িত্বশীলভাবে বালাইনাশক প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ স্প্রে ব্যবস্থাপনার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে মাঠপর্যায়ে কৃষকদের আরও নিরাপদ ও কার্যকর সেবা নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। এছাড়াও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অর্ধেন্দু দেব, ইনতেফা কোম্পানির রিজিওনাল ম্যানেজার আবু নুর মোহাম্মদ সায়েম, এরিয়া ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলাম, কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণের জন্য মনোনীত ৩০ জন পেশাদার স্প্রে ম্যান।

বক্তারা বলেন, নিরাপদ ও দায়িত্বশীলভাবে বালাইনাশক ব্যবহার নিশ্চিত করা গেলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমে আসবে। এজন্য সকল স্প্রে ম্যানকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করে নির্ধারিত মাত্রা ও নিয়ম অনুসরণ করে বালাইনাশক প্রয়োগের আহ্বান জানানো হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী স্প্রে ম্যানদের হাতে আধুনিক ব্যাটারিচালিত স্প্রেয়ার মেশিন ও প্রয়োজনীয় পিপিই সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে নিরাপদ বালাইনাশক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিয়াম সরিষা
Link copied!