বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ হাজার বৃক্ষরোপণ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে বগুড়ার সোনাতলা পৌরসভার উদ্যোগে ও সহযোগিতায় এইচএসসি শিক্ষার্থীদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সোনাতলা মহিলা ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে আম গাছের চারা তুলে দেন সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জুয়েল মিয়া।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জুয়েল মিয়া বলেন, “পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে শুধু একটি গাছ রোপণ করলেই হবে না, সেটিকে পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও নিতে হবে। একটি গাছ একটি পরিবারের সম্পদ, সমাজের সম্পদ এবং দেশের পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ উপাদান।”
তিনি আরও বলেন, “সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু, উপজেলা সমবায় দলের সভাপতি ও সমাজসেবক মাসুদুর রহমান মাসুদ, সোনাতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বাদশা, পৌরসভার প্রধান সহকারী রুহুল আমিন রাজু, হিসাবরক্ষক নুরুল ইসলাম পান্নুসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে শতাধিক এইচএসসি শিক্ষার্থীর হাতে আম গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাধ্যমে বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন :