তদন্ত শেষ হওয়ার আগেই বদলি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা, ১,২০০ কমলা গাছ কাটার ঘটনায় নতুন প্রশ্ন

মোঃ আব্দুস সামাদ আজাদ , মৌলভীবাজার জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬, ০৬:২৩ পিএম

তদন্ত শেষ হওয়ার আগেই বদলি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা, ১,২০০ কমলা গাছ কাটার ঘটনায় নতুন প্রশ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জে প্রায় ১ হাজার ২০০টি ফলন্ত কমলা গাছ কাটার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শেষ হওয়ার আগেই রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর সামাজিক বন বিভাগে বদলি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই এই বদলির আদেশ আসায় ঘটনাটি ঘিরে নতুন করে প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আদেশে প্রীতম বড়ুয়াসহ আরও কয়েকজন বন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

এর আগে রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটে অবৈধ দখল উচ্ছেদ অভিযানের সময় প্রায় ১ হাজার ২০০টি ফলন্ত কমলা গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দা, পরিবেশবাদী এবং ফলচাষিদের মধ্যে এ ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, উচ্ছেদ অভিযানের নামে প্রয়োজনের অতিরিক্ত গাছ কেটে অপূরণীয় পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতি করা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় গত ২২ জুলাই সিলেটের বিভাগীয় কমিশনার আশরাফুল রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। এর মধ্যেই সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার বদলির আদেশ জারি হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, এটি কি কেবল নিয়মিত প্রশাসনিক বদলি, নাকি তদন্তে উঠে আসা প্রাথমিক তথ্যের পরিপ্রেক্ষিতে নেওয়া কোনো সিদ্ধান্ত? তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই বদলির কারণ সম্পর্কে বন বিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকদের দাবি, শুধু বদলি নয়, তদন্তে দায়িত্বে অবহেলা বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কমলা বাগানের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ করে প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থাও নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এখন সবার নজর তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে। সেই প্রতিবেদনে কী উঠে আসে এবং ১ হাজার ২০০ কমলা গাছ কাটার ঘটনায় কারা দায়ী বলে চিহ্নিত হন—সেটিই নির্ধারণ করবে এ ঘটনার পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ।

সিয়াম সরিষা
Link copied!