কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ওয়াসিম সোহাগের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের তাড়াইল উপজেলা প্রতিনিধি ওমর খান সানীর আয়োজনে ও সঞ্চালনায় মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাঞ্চন, জাতীয়তাবাদী ওলামা দল তাড়াইল উপজেলা শাখার সভাপতি এইচ এম রুহুল আমিন ও কল্লা পশ্চিম পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, বরং সমাজের অসঙ্গতি তুলে ধরে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মৃত্যু সাংবাদিক সমাজের জন্য গভীর বেদনা ও উদ্বেগের বিষয়। এ সময় উপস্থিত সাংবাদিক ও বক্তারা শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনা শেষে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মরহুম আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য, শক্তি ও সুস্থতা কামনা করা হয় মহান রবের দরবারে।

আপনার মতামত লিখুন :