কক্সবাজার আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬, ০৮:১৪ পিএম

কক্সবাজার আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাস টার্মিনাল এলাকার ‘ঢাকা আবাসিক হোটেল’-এর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের তথ্য ও নিহতের পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, আতাউল করিম বৃহস্পতিবার হোটেলে এসে একটি কক্ষ ভাড়া নেন। তিনি একাই ওই কক্ষে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!