রংপুরের পীরগঞ্জে আরডিআরএস বাংলাদেশ-এর সীডস প্রকল্পের উদ্যোগে ভর্তুকিমূল্যে উপকারভোগীদের মাঝে রাইস কুকার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মন্ডল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীডস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অফিসার তামিম আহমেদ, ফিন্যান্স অফিসার শাজাহান আলী, প্রোগ্রাম অফিসার (শিক্ষা) সুকমল টপ্য, প্রোগ্রাম অফিসার (ইকোনমিক) যোগেন হাজদা, উপজেলা সমন্বয়কারী মিখাইল সরেন, ফিল্ড ফ্যাসিলিটেটর প্রদীপ কুমার রায়, ইউনিয়ন পরিষদের সচিব সাজ্জাক মিয়া ও ইউপি সদস্য দিনার।
অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারী তামিম আহমেদ বলেন, পীরগঞ্জ উপজেলার ৩ নম্বর বড়দরগাহ, ৬ নম্বর টুকুরিয়া, ৭ নম্বর বড়আলমপুর ও ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নে আরডিআরএস বাংলাদেশ-এর সীডস প্রকল্প কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশবান্ধব রান্নার ব্যবস্থা উৎসাহিত করা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। রাইস কুকার ব্যবহারের ফলে কাঠ, কয়লা ও কেরোসিনের ব্যবহার এবং ধোঁয়া কমে; রান্নাঘরের বায়ুদূষণ হ্রাসের পাশাপাশি জ্বালানি অপচয় কমানো সম্ভব।
সঠিকভাবে ব্যবহার করলে এটি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখতে পারে। প্রোগ্রাম অফিসার (ইকোনমিক) যোগেন হাজদা বলেন, ইতোমধ্যে মিঠিপুর ও বড়আলমপুর ইউনিয়নে রাইস কুকার বিতরণ সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলায় মোট এক হাজার উপকারভোগীর মধ্যে এক হাজারটি রাইস কুকার বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফরহাদ মন্ডল বলেন, পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে আরডিআরএস বাংলাদেশ-এর সীডস প্রকল্প বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করে আসছে। এতে এলাকার মানুষ উপকৃত হচ্ছেন। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারিত ও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপকারভোগীদের মধ্যে হাসানপুর-নলেয়াপাড়া দলের সদস্য শাকিলা বেগম বলেন, “আমাদের পরিবার অসচ্ছল ছিল।
আরডিআরএসের সীডস প্রকল্পের মাধ্যমে এর আগেও বিভিন্ন পরামর্শ ও সহায়তা পেয়েছি। আজ রাইস কুকার পেয়ে আমাদের অনেক উপকার হলো।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রোগ্রাম অফিসার (শিক্ষা) সুকমল টপ্য উপকারভোগীদের রাইস কুকার ব্যবহারের বিভিন্ন দিক ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন :