কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল আমিন সৈকত (৪০) নামে এক সাবেক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিহত হয়েছেন।রোববার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আল আমিন সৈকত ভৈরবপুর গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে। তিনি কিশোরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।নিহতের শ্যালক মো. বাকিবিল্লাহ জানান, রোববার রাতে গোপাল জিউর মন্দিরের সামনে অবস্থান করছিলেন সৈকত। এ সময় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :