"রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজনে 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬'-এর শুভ উদ্বোধন, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো: লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাইম আল সালাউদ্দিন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মো: কাইয়ুম খান সিদ্দিকী, চিকিৎসক পরিষদের নেতা অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরু, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন অনুষ্ঠানের সদস্য সচিব এবং উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: লুৎফর রহমান মতিন বলেন, মাছ চাষে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে। আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মৎস্যজীবী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :