ভেড়ামারায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

মোঃ লিটন উজ্জামান , ভেড়ামারা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ০১:১৪ পিএম

ভেড়ামারায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

ফাইল ফটো

 “রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট ) সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, ভেড়ামারা, কুষ্টিয়া-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মৎস্য উৎপাদন এবং মৎস্যজীবী ও মৎস্যচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আমিরুল আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ মোঃ জায়েদুর রহমান।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মাছ উৎপাদনে বাংলাদেশের অগ্রগতি ধরে রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের মাছ চাষ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব মৎস্যচাষের ওপর গুরুত্ব দিতে হবে। তারা আরও বলেন, মৎস্যসম্পদের যথাযথ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে যেমন দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করা সম্ভব, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি ও মৎস্য খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রের মাধ্যমে মাছ চাষের আধুনিক পদ্ধতি, মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং দেশের মৎস্য খাতের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, আইন মেনে মাছ আহরণ এবং জলাশয়ের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে মৎস্য খাতে অবদান রাখা সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মৎস্যচাষ ও মৎস্যসম্পদ উন্নয়নে অবদান রাখায় সংশ্লিষ্টদের উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য খাতকে আরও এগিয়ে নিতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, মৎস্যজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। দেশের জলাশয় ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ভেড়ামারায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মৎস্যচাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আধুনিক মৎস্যচাষে উৎসাহ প্রদান এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Link copied!