'মাছ চাষে সমৃদ্ধি, দেশের অর্থনীতিতে গতি'—এমন প্রত্যয় নিয়ে রংপুরের পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে শুভ উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্য পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন। অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নুরুল আমীন বলেন, মৎস্য খাতকে আরও এগিয়ে নিতে মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনতে হবে। মাছ চাষে উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং চাষিদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, মৎস্যচাষকে লাভজনক ও টেকসই করতে চাষিদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন। মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ বলেন, মৎস্যচাষ শুধু মানুষের আমিষের চাহিদাই পূরণ করছে না, এটি বহু মানুষের জীবিকা ও কর্মসংস্থানেরও উৎস। মৎস্যচাষিদের উৎসাহিত করতে সরকারি সুযোগ-সুবিধা সহজলভ্য করার পাশাপাশি বাজার ব্যবস্থাপনা উন্নত করার প্রয়োজন রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, পীরগঞ্জে মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। মৎস্যসম্পদ রক্ষায় সরকারি আইন মেনে চলার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, মৎস্যচাষিদের প্রশিক্ষণ ও সরকারি সহায়তা, দেশীয় মাছ সংরক্ষণ, জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সংশ্লিষ্টদের মধ্যে মৎস্য পদক প্রদান করা হয়। পরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :