মাগুরার শালিখায় বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি, পেঁয়াজের বীজ ও সার, পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন স্থাপনের জন্য চেক, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সরকারি সচিব হরে কৃষ্ণ অধিকারী, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিঠুন রায় চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোজাফফর হোসেন টুকু, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসনাত, সংস্কৃতি মন্ত্রীর একান্ত সহকারী ফারদিন হাসান সুমন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী কানুদার খালপাড় উপজেলা পরিষদের ইকোপার্কে বেসরকারি উন্নয়ন সংস্থা সি এন আর এস এর সহযোগিতায় ফলজ ও বনজ চারা গাছ রোপণের উদ্বোধন করেন এবং খালের মাছের অভয়াশ্রম পরিদর্শন করেন। এরপর সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা সহ শালিখা হাসপাতালে কর্মরত সকল ডাক্তার ও বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :