নওগাঁয় হারানো ৮০ মোবাইল ফোন উদ্ধার, পুলিশের তদারকিতে মালিকদের কাছে হস্তান্তর

নাজমুল হক , নওগাঁ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ০৬:৪৯ পিএম

নওগাঁয় হারানো ৮০ মোবাইল ফোন উদ্ধার, পুলিশের তদারকিতে  মালিকদের কাছে হস্তান্তর

ফাইল ফটো

নওগাঁয় জেলা পুলিশের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। রোববার (১৬ আগস্ট) সকালে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এতে অর্ধশতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুলাই মাসে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেক মালিককে আবেগাপ্লুত হতে দেখা যায়। তারা জেলা পুলিশের এমন উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত বোধ করছি। ভবিষ্যতে হারানো মোবাইল ফোন উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের তৎপরতা আরও বৃদ্ধি করা হবে।

Link copied!