দিনাজপুরের কাহারোলে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণার আগে ও পরে গণমাধ্যমকে সম্পৃক্ত করে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) কাহারোল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল অফিসের হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণার পরও যাতে এর ধারাবাহিকতা বজায় থাকে, সে বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
কাহারোল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ম্যানেজার লাভলী বিশ্বাস লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মিঃ আলবিনুশ সরেন, প্রোগ্রাম অফিসার মিঃ পলাশ ক্রুশ, সাংবাদিক সুকুমার রায়, সাংবাদিক মোঃ রশিদুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে গণমাধ্যমের মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করা গেলে এ ধরনের সামাজিক ব্যাধি নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি কাহারোলকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন :