নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি রবিউল শিকদার রবিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুজ্জামান লিটু।
রবিউল ইসলাম ওরফে রবি রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন রবিউল। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় রবিউলকে একমাত্র আসামি করে মামলা করেন।
মামলা দায়েরের দিন সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন দত্তপাড়া এলাকা থেকে রবিউলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ২২ জুলাই তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতেই রবিউল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
তদন্ত শেষে গত ৪ আগস্ট নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু রবিউলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ শেষ হলে আদালত ১৯ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করেন।
এদিকে বর্বরোচিত এ ঘটনার প্রতিবাদে নড়াইলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। বুধবার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত চত্বরে নিহত শিশুটির স্বজন, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। রায় ঘোষণার পর শিশুটির স্বজন ও নড়াইলের সচেতন নাগরিকেরা মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :