পীরগঞ্জে কিশোরীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে শিখন সহযোগিতা সভা

মোঃ হানিফ মিয়া , পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ০৪:৪৩ পিএম

পীরগঞ্জে কিশোরীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে শিখন সহযোগিতা সভা

ফাইল ফটো

রংপুরের পীরগঞ্জে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার হার বাড়াতে শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে আরডিআরএস বাংলাদেশ ও সংশ্লিষ্টদের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন। সভায় উপজেলার মিঠিপুর ইউনিয়নের কিশোরী ফোরামের ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভা সঞ্চালনা করেন মিঠিপুর কিশোরী ফোরামের সদস্য মোছা. ইমনি জান্নাত। সভায় কিশোরী প্রতিনিধিরা তাদের ফোরামের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় জানানো হয়, কিশোরী ফোরামের অন্যতম লক্ষ্য হলো মানসিক স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। পাশাপাশি এলাকার কিশোরীদের বিদ্যালয়ে ভর্তি ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের তালিকা তৈরি, তাদের পরিবারকে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং গ্রামের গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

কিশোরী ফোরামের সদস্যরা জানান, বর্তমানে এসব কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি পরিবেশ রক্ষা ও পরিবেশের সঠিক ব্যবহার সম্পর্কে এলাকাবাসীর মধ্যে সচেতনতা তৈরিতেও তারা কাজ করছেন। ভবিষ্যতে কিশোরীদের সচেতনতা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন বলেন, কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার হার বাড়ানো এবং বিভিন্ন কর্মমুখী উদ্যোগে সম্পৃক্ত করতে সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। কিশোরীদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর অধিকার, কিশোরীদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আরডিআরএস বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা, কিশোরী ফোরামের সদস্য ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

সিয়াম সরিষা
Link copied!