চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড থেকে দুই দালাল ও ভারতীয় নাগরিকসহ আটক ৭

শিমুল রেজা , চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ০৩:৪৯ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড থেকে দুই দালাল ও ভারতীয় নাগরিকসহ আটক ৭

ফাইল ফটো

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠেছে। পরে জীবননগর শহর থেকে দুই দালালসহ ওই সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার সকাল  আনুমানিক ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন বলে জানা গেছে। তাদের মধ্যে চারজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে স্থানীয় সূত্র।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি, হামিদা ও চাঁদপুরের নয়ন। অপরজন ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান বলে জানা গেছে।আটককৃত ব্যক্তিরা জানান তারা ভারতের বেঙ্গালুর কাজের জন্য গিয়েছিলো। ভারতীয় আইনশৃংখলা বাহিনী বিএএসএফ তাদেরকে আটক করে সীমান্তে নিয়ে এসে তাদের ক্যাম্পে রাখে এবং গতকাল তাদের জীবননগর বেনীপুর সীমান্তের কাটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যান্তরে পাঠিয়ে দেন।

স্থানীয়দের দাবি, সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে তারা জীবননগর শহরের দিকে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই দালালসহ সাতজনকে থানায় নিয়ে যায়। এদিকে, স্থানীয় সূত্রে বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউলের নাম এসেছে। তাদের বিরুদ্ধে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন অনুপ্রবেশকারী ও দুই দালালকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ​এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে খোঁজ খবর নেয়া হচ্ছে। 

সিয়াম সরিষা
Link copied!