বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোর্শেদ আযমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনেও দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ইউনিট কমিটি গঠন ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে সমবেত হন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন :