মাদককে না বলুন মাদক মুক্ত সমাজ গড়ুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুইমারা থানা পুলিশের উদ্যোগে ২ নং হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া চৌরাস্তায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ আগস্ট বিকাল চারটায় হাফছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপংকর মণ্ডলের সঞ্চালনায় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।
এতে আরও বক্তব্য রাখেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন এবং হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও গুইমারা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আল মামুন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. বেলাল হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম, উপজেলা সিএনজি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মহি উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
র্যালিটি জালিয়াপাড়া মাদ্রাসা থেকে শুরু হয়ে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। এতে সাধারণ জনগণের সাথে স্কুল শিক্ষার্থীরাও র্যালি ও মাদকবিরোধী সমাবেশে অংশ নেয়। এসময় বক্তারা বলেন, বর্তমানে মাদকের ছোবল যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তাই এই ছোবলের হাত থেকে বাঁচতে যুবসমাজকেই এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে কারো কাছে কোনো তথ্য থাকলে সাথে সাথে থানায় তথ্য দেওয়ার জন্য বক্তারা অনুরোধ করেন।

আপনার মতামত লিখুন :