নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কয়রাপাড়া গ্রামে গৃহবধূ খাদিজা আক্তার মুন্নী ২০ হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেপ্তার-ফাঁসির দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী।বুধবার ১৯ আগস্ট সকালে মোহনগঞ্জের সোনারামপুর গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকশ মানুষ অংশ নেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ আগষ্ট সোমবার কয়রাপাড়া গ্রামে খাদিজা আক্তার মুন্নীকে হত্যার পর লাশ ফেলে রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবার মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় স্বামীসহ ৪ জনকে আসামি করা হয়।
মানববন্ধনে বিক্ষোভকারীরা “আমার বোন কবরে, খুনি কেন বাহিরে”, “খুনিদের ফাঁসি চাই”, “প্রশাসন জবাব চাই” স্লোগান দেন। একটি বড় ব্যানারে লেখা ছিল “খাদিজা আক্তার মুন্নী হত্যার বিচার চাই ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন”। ব্যানারে নিহত খাদিজা এবং অভিযুক্তদের ছবি সংযুক্ত ছিল। শিশুরাও “খুনির ফাঁসি চাই” লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়।বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এতে তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান হারুন বলেন, মামলার তদন্ত চলমান। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :