ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে ঢুকে ক্ষুব্ধ গ্রাহক বললেন 'টাকা এখন দে'

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ১০:১৮ এএম

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে ঢুকে ক্ষুব্ধ গ্রাহক বললেন 'টাকা এখন দে'

ফাইল ফটো

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল শাখায় ঢুকে এক ক্ষুব্ধ গ্রাহক বলেন, 'টাকা এখন দে'। সোমবার (২৪ আগস্ট) সকালে আমানতকারীদের উদ্যােগে ঘেরাও কর্মসূচির সময় এ ঘটনা ঘটে।

সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের উদ্যােগে পালন করা হয় ঘেরাও কর্মসূচি। এসময় টাকা তুলতে না পেরে অনেকে কান্নায় ভেঙে পড়েন। ক্ষুব্ধ এক গ্রাহক ব্যাংক কর্মকর্তাদের বলেন, টাকা এখন দে।

আমানতকারী অ্যাসোসিয়েশনের নেতা আলাউদ্দিন বলেন, কয়েক দিন আগে অসুস্থ মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতে হয়েছে। ব্যাংকে আমানতের টাকা আছে। কিন্তু প্রয়োজনের সময় তা তুলতে পারছি না। 

পুলিশ জানায়, সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন নেতারা হেয়ার কাট বাতিল ও টাকা তুলতে না পারাসহ বিভিন্ন সমস্যার অভিযোগ নিয়ে হালিশহর শাখায় ব্যাংকের ভেতরে জড়ো হন। এসময় তারা বিক্ষোভ করেন। আমানতের টাকা দ্রুত ফেরত দেওয়ার দাবিও জানান। অন্যথায় কঠিন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের সহসভাপতি শারমিন আক্তার বলেন, আমানতকারীরা দীর্ঘদিন ধরে নিজেদের জমা করা টাকা তুলতে পারছে না। এ অবস্থার দ্রুত সমাধান করে আমানতকারীদের স্বাভাবিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা হোক। 

Link copied!