মির্জাপুরে শিশুর অস্বাভাবিক মৃত্যু, মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

মো: রুবেল মিয়া , মির্জাপুর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ১১:৪৯ এএম

মির্জাপুরে শিশুর অস্বাভাবিক মৃত্যু, মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ফাইল ফটো

টাঙ্গাইলের মির্জাপুরে আব্দুল্লাহ ওরফে আবির (২ বছর ৬ মাস) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম ওয়াসিম মিয়া (৩০) মা এর নাম বৃষ্টি আক্তার (২৪) শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে তার দাদার বাড়ির লোকজন শিশুটির মা'কে দায়ী করেছেন। তাদের অভিযোগ, পরকীয়ার জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে শিশুটির মা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, খাট থেকে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিশুটিকে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Link copied!