লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ২ দিন ধরে অনশন করছেন ফাতেমা আক্তার নামে তরুণী।
শনিবার (২২ আগস্ট) থেকে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাতারপ্রবাসী ইমন হোসেনের বাড়ির সামনে তিনি অবস্থান করছেন। ফাতেমা ফেনী থেকে এসেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফাতেমার অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে ইমন হোসেন তার সঙ্গে সম্পর্ক গড়ে তুললেও, এখন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন।
ফাতেমা জানান, বিয়ের আশ্বাসে তিনি তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এখন প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে তার বাড়িতে এসেছেন।
তবে, ফাতেমার অভিযোগের বিষয়ে ইমনের বক্তব্য পাওয়া যায়নি।
ইমনের মা বলেন, ‘আমার ছেলে ও মেয়েটির মধ্যে ফোনে কথা হয়েছে বলে শুনেছি। আমার ছেলে ৪ মাসের ছুটি নিয়ে দেশে এসেছিল। এখন আবার চলে গেছে। সে দেশে থাকাকালে মেয়েটি একবার বাড়িতে এসে ঝামেলা করেছিল। এখন আবার এসেছে। আমাদের ধারণা, আমাদের অপমান-অপদস্থ করার জন্যই সে এখানে এসেছে।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘ওই তরুণী এর আগেও একাধিকবার সেখানে এসেছেন। গত ১ জুলাই তিনি একই স্থানে অবস্থান করেছিলেন। তখন পুলিশ তাকে বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় তিনি প্রথমে সঠিক নাম-ঠিকানা দেননি। পরে যে নাম-ঠিকানা দিয়েছেন, সেটি যাচাই করতে কয়েকজন পুলিশ কর্মকর্তা সেখানে গিয়ে তদন্ত করেন, কিন্তু ওই ঠিকানারও কোনো সত্যতা পাওয়া যায়নি।’
ওসি আরও বলেন, ‘ওই তরুণী সঠিক কোনো মোবাইল নম্বরও না দেওয়ায় তার নিরাপত্তার স্বার্থে তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছিল। পরে আদালত তাকে নিজ জিম্মায় ছেড়ে দেন।’ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন, তিনি আবারও একই জায়গায় এসে অবস্থান নিয়েছেন বলে জানান ওসি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা নজরে রাখছে।

আপনার মতামত লিখুন :