মাদককে সামাজিকভাবে প্রতিহত করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষার প্রত্যয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় আরও বক্তব্য দেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম। বক্তারা বলেন,“মাদক কোনো ব্যক্তি বা একটি পরিবারের একক সমস্যা নয়; এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি।
মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।” মাদকাসক্তদের হাতে অনেক সময় মা-বাবা লাঞ্ছিত হচ্ছেন। মাদকের কারণে ছিনতাই, চুরি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ বাড়ছে। স্কুল-কলেজের ছাত্রীদেরও নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে হচ্ছে। এসব অপরাধের অন্যতম প্রধান কারণ মাদকের বিস্তার।
তিনি আরো বলেন মাদকের সঙ্গে জড়িত এর বিরুদ্ধে পুলিশের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে।মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন :