মাতামুহুরী উপজেলা কমপ্লেক্স নির্মাণের ভূমি পরিদর্শনে প্রকল্প পরিচালক

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ০৮:২৪ পিএম

মাতামুহুরী উপজেলা কমপ্লেক্স নির্মাণের ভূমি পরিদর্শনে প্রকল্প পরিচালক

ফাইল ফটো

মোহাম্মদ আইয়ুব,মাতামুহুরী : কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ভূমি অধিগ্রহণ ও উপজেলা কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত ভূমি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মিস হেলেনা পারভীন। মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি মাতামুহুরী উপজেলার প্রস্তাবিত উপজেলা কমপ্লেক্স নির্মাণের স্থান পরিদর্শন করেন। এ সময় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া, নির্ধারিত জায়গার অবস্থান ও উপজেলা কমপ্লেক্স নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

পরিদর্শনকালে সঙ্গে ছিলেন মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আহসানুল কাদের চৌধুরী সাব্বিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় প্রকল্প পরিচালক হেলেনা পারভীন প্রস্তাবিত উপজেলা কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত ভূমির বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেন। উল্লেখ্য, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নবগঠিত মাতামুহুরী উপজেলার জন্য স্থায়ী উপজেলা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!