চান্দিনায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে সংবর্ধনা

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ পিএম

চান্দিনায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে সংবর্ধনা

ফাইল ফটো

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজার এলাকার দারুস সালাম দাওরায়ে হাদিস মাদ্রাসার কৃতী শিক্ষার্থী মাহমুদ বিন আতাউল্লাহকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। মাওলানা কলিম উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১০ পাড়া গ্রুপ হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় মাদ্রাসার পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা. মাওলানা মোজাম্মেল হক, মুহতামিম মাওলানা আবু ইউসুফ সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকরা কৃতী শিক্ষার্থী মাহমুদ বিন আতাউল্লাহর সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের কোরআন শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ করে দিতে হবে। এ ধরনের অর্জন অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলবে।

তারা আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের শুধু স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কোরআনভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি প্রতিষ্ঠান ও এলাকার সুনামও বৃদ্ধি করতে পারবে। মাহমুদ বিন আতাউল্লাহর এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেছেন। ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরের প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করবেন এবং দারুস সালাম দাওরায়ে হাদিস মাদ্রাসার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দেবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা।

সিয়াম সরিষা
Link copied!