ফেনী পৌরসভার নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নাগরিকবান্ধব মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাই ফেনী’। ইনোভেশন আইটির কারিগরি সহায়তায় নির্মিত এ অ্যাপের মাধ্যমে পৌরবাসী এখন এক ক্লিকেই বিভিন্ন নাগরিক সেবা, অভিযোগ ব্যবস্থাপনা, প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণের নির্দেশনা হাতের মুঠোয় পাবেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফেনী পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে অ্যাপটির শুভ উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. দিদারুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা আইসিটি কর্মকর্তা সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী, সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাশেদুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তায় সার্বিক সহযোগিতা করেন ইনোভেশন আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার খুরশিদ আলম। ফেনীর ফুলগাজী উপজেলার এই কৃতি সন্তান তাঁর প্রযুক্তিগত নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমে ‘মাই ফেনী’ অ্যাপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, পৌরবাসীকে ভোগান্তিমুক্ত ও দ্রুততম সময়ে সেবা প্রদান করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। ‘মাই ফেনী’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের সমস্যা ও সেবাকে ডিজিটালাইজড করার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। নাগরিকরা শুধু অভিযোগ জানাবেন না, বরং অভিযোগের দ্রুত ও গুণগত সমাধানও নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, প্রযুক্তির সুফল তখনই নিশ্চিত হবে যখন সেবাদাতারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি পৌর সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একটি আধুনিক, স্মার্ট ও দুর্নীতিমুক্ত ফেনী গঠনে এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘মাই ফেনী’ অ্যাপের অন্যতম লক্ষ্য হলো নাগরিকদের প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণের প্রক্রিয়াকে সহজ করা। অ্যাপটির মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা, ময়লা অপসারণ, সড়কবাতি মেরামতসহ পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধা সংক্রান্ত আবেদন, অভিযোগ ও তদারকি করা যাবে। পাশাপাশি নাগরিকরা বিভিন্ন সেবা গ্রহণের পদ্ধতি, প্রয়োজনীয় নির্দেশনা এবং সংশ্লিষ্ট তথ্য সহজেই জানতে পারবেন।অ্যাপটির উদ্যোক্তা ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. দিদারুল আলম। তাঁর উদ্যোগে ফেনী পৌরসভার সেবাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ‘মাই ফেনী’ অ্যাপ চালু করা হয়েছে।
ইনোভেশন আইটির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির সিইও ইঞ্জিনিয়ার খুরশিদ আলম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারী। দীর্ঘদিন ধরে তিনি প্রযুক্তিনির্ভর সেবা, সফটওয়্যার উন্নয়ন ও ডিজিটাল সমাধান তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন। সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার ব্যবস্থার জন্য বিভিন্ন ডিজিটাল সল্যুশন, সফটওয়্যার ও মোবাইল অ্যাপ উন্নয়নে ইনোভেশন আইটি ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।অনুষ্ঠানে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, মেডিকেল কর্মকর্তা ডা. কৃষ্ণ পদ সাহা, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. শরফত উল্যাহ চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপটির বিভিন্ন ফিচার ও ব্যবহারবিধি প্রদর্শন করা হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতে অ্যাপটির সেবার পরিধি আরও বৃদ্ধি পাবে এবং নাগরিকদের দৈনন্দিন প্রয়োজনীয় সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ, গতিশীল ও কার্যকর হবে।প্রযুক্তিনির্ভর নাগরিক সেবার নতুন এই উদ্যোগে ফুলগাজীর সন্তান ইঞ্জিনিয়ার খুরশিদ আলমের নেতৃত্ব এবং ইনোভেশন আইটির কারিগরি সহায়তা ফেনীর ডিজিটাল রূপান্তরের যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, ‘মাই ফেনী’ অ্যাপ ভবিষ্যতের স্মার্ট পৌরসেবা ব্যবস্থার ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আপনার মতামত লিখুন :